সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে সবচেয়ে বেশি অর্থ নিয়ে নেমেছিলেন প্রীতি জিনতা। তাঁর মালিকানাধীন দল পাঞ্জাব কিংসকে ঢেলে সাজাতে রেখে দিয়েছিলেন ১১০ কোটি ৫০ লাখ রুপি (১৫৬ কোটি ৪৬ লাখ টাকা)।
তবে হাতে কাঁড়ি কাঁড়ি টাকা থাকলেও নতুন আঙিকে পাঞ্জাবকে সাজিয়ে তোলা প্রীতির জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ, নিলামের আগে তিনি মাত্র দুজন খেলোয়াড়কে ধরে রেখেছিলেন—ওপেনার প্রভসিমরান সিং ও মিডল অর্ডার ব্যাটসম্যান শশাঙ্ক সিং। তাই তাঁকে নিলাম থেকে অন্তত আরও ১৬ জন খেলোয়াড় কিনতে হতো।
সেই কাজটা এবার বেশ বুঝেশুনেই করেছেন প্রীতি। জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী সর্বোচ্চ ২৫ খেলোয়াড় নিয়েই দল সাজিয়েছেন। এরপরও তাঁর তহবিলে অবশিষ্ট আছে ৩৫ লাখ রুপি। সব মিলিয়ে এবারের নিলাম থেকে বেশির ভাগ পছন্দের ক্রিকেটার কিনতে পেরে তিনি বেশ খুশি। ৪৯ বছর বয়সী এই তারকার মতে, তিনি যেমন দল চেয়েছিলেন, তার ৯০ শতাংশ আশা পূরণ হয়েছে।
জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায় কাল রাতে মেগা নিলাম শেষে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস ও ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমাকে প্রীতি বলেছেন, ‘আমরা সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম। সেটা করতে গিয়ে কিছু জায়গায় সফল হয়েছি, কিছু জায়গায় হতে পারিনি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই যেমন চেয়েছিলাম, তেমনই হয়েছে। নিলাম কখনোই এমন হয় না, যেখানে আপনি ১০০ শতাংশ সফল হবেন, যেসব খেলোয়াড়কে চেয়েছেন তাদেরই পাবেন। যদি ৯০ শতাংশের বেশি (পছন্দের খেলোয়াড়) পান, সেটা আপনার জন্য একটা দুর্দান্ত নিলাম হবে। আমরা যা চেয়েছিলাম, তার প্রায় ৯০ শতাংশ পেয়েছি।’
আইপিএলের সর্বশেষ মৌসুমে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরও আইয়ারকে ধরে রাখেননি প্রীতির অনেক জনপ্রিয় সিনেমার নায়ক শাহরুখ খান। সেই সুযোগ লুফে নিয়েছে প্রীতির পাঞ্জাব। দলটি আইয়ারকে কিনেছে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে, যা তাঁকে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় দুইয়ে নিয়ে এসেছে।

0 মন্তব্যসমূহ