সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ নির্ধারণে জারি করা অধ্যাদেশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারি মেডিকেল কলেজের সহকারী ও সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল এবং সরকারি কলেজের সহকারী ও সহোযোগী অধ্যাপক সরাসরি নিয়োগে বয়স কত হবে-এ বিষয়ে অধ্যাদেশে কিছুই বলা হয়নি।
বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা কত হবে, তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য কি না, তাও উল্লেখ করা হয়নি। এছাড়া সরকারি অফিসে কম্পিউটার পারসোনাল নিয়োগ অর্থাৎ, সহকারী প্রোগ্রামার, প্রোগ্রামার, সিনিয়র প্রোগ্রামার, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, উপপরিচালক, উপমহাব্যবস্থাপক, সিস্টেম ম্যানেজার, মুখ্য রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, অপারেশন ম্যানেজার এবং কম্পিউটার অপারেশন সুপারভাইজার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা কত হবে, তা প্রকাশিত অধ্যাদেশে উল্লেখ নেই। এতে বিপাকে পড়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীরা। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান কোনো মন্তব্য করেননি। তবে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া যুগান্তরকে বলেন, এ অধ্যাদেশ আবার সংশোধন করতে হবে। অন্যথায় জটিলতা আরও বেড়ে যাবে। কারণ, ক্যাডার ও নন-ক্যাডার যেসব পদে ৩২ বছরের বেশি বয়সিদের নিয়োগ দেওয়া হয়, সে বিষয়ে অধ্যাদেশে কোনো কিছুই বলা নেই। এই অধ্যাদেশের ফলে তাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কমে গেছে। অর্থাৎ বয়সসীমা কমিয়ে দেওয়ায় তারা নিয়োগলাভের যোগ্যতা হারিয়েছেন।
ফিরোজ মিয়া উদাহরণ দিয়ে বলেন, বিসিএস নিয়োগ বিধিমালা ১৯৮১ অনুসারে সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৪০, সহযোগী অধ্যাপক পদে ৪৫ এবং প্রিন্সিপাল পদে ৫০ বছর নির্ধারণ করা আছে। শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৪৫ এবং বিভাগীয় প্রার্থীদের ৫০ বছর বয়সসীমা নির্ধারণ করা আছে। সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জারি করা অধ্যাদেশ প্রকাশের ফলে তারা নিয়োগ যোগ্যতা হারিয়েছেন। তাদের নিয়োগ কীভাবে হবে, তা পরিষ্কার না।

0 মন্তব্যসমূহ