Header Ads Widget

কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে: হাইকোর্ট

 



চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী হত্যার প্রেক্ষাপটে তিনটি মামলা হয়েছে। ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা গেছে, যাঁরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

হাইকোর্টে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। একপর্যায়ে হাইকোর্ট বলেন, তাঁরা শুনে আশ্বস্ত হয়েছেন যে, সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে।


ইসকন ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন গতকাল বুধবার আদালত তুলে ধরে স্বতঃপ্রণোদিত আদেশ দেওয়ার আরজি জানান আইনজীবী মো. মনির উদ্দিন। ইসকন নিষিদ্ধ করা এবং চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে আপাতত ১৪৪ ধারা জারিরও আরজি জানান তিনি।

এমন প্রেক্ষাপটে আদালত গতকাল অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনেন। এরপর আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কাছে অগ্রগতি জানতে চান। এর ধারাবাহিকতায় আজ রাষ্ট্রপক্ষ পদক্ষেপের অগ্রগতির তথ্য আদালতে তুলে ধরে।

‘সর্বোচ্চ অগ্রাধিকার’

বেলা ১১টার দিকে বিষয়টি বেঞ্চে ওঠে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বলেন, সরকার এটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং প্রধান একটি ইস্যু ধরে অ্যাকশন নিয়েছে। পুলিশ তিনটি মামলা দায়ের করেছে। তিনটি মামলার একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন ও অপরটিতে ৪৯ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিটিটিভির ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা গেছে, যাঁরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। আর যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই আরও তথ্য বের হয়ে আসবে।

আসাদ উদ্দিন আরও বলেন, ‘পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন। শুধু চট্টগ্রামেই নয়, যেসব স্থানের কথা এসেছে, যেসব জায়গায় এ ধরনের তৎপরতা দেখা গেছে, প্রত্যেক জায়গাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সরকার এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অ্যাড্রেস করেছে।’

‘আমরা শুনে আশ্বস্ত হলাম’

ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্যে এ সময় আদালত বলেন, ‘আমরা শুনে আশ্বস্ত হলাম, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। ঘুরেফিরে একটাই কথা, দেশের জনগণের জান ও মাল, কারও যেন কোনো ক্ষতি না হয়, এটা সবারই চিন্তা। আপনারা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন শুনে আদালত আশ্বস্ত হয়েছে। আশা রাখছি, মনির (আইনজীবী, যিনি গণমাধ্যমের প্রতিবেদন নজরে এনেছেন) বা মনিরের মতো যাঁদের উদ্বেগ, তাঁরাও আশ্বাস হবেন।’

‘তৎপরতা যেন জারি থাকে’

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, কর্তৃপক্ষকে জানাবেন, উনাদের তৎপরতা যেন জারি থাকে। অবশ্য জারি তো রাখবেনই আইন অনুসারে, যাতে কোনো কর্নার থেকে কেউ কোনো কথা বলতে না পারে।’

‘১০ রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ’

গণমাধ্যমের প্রতিবেদন নজরে আনা আইনজীবী মনির উদ্দিন বলেন, ‘১০টি রাষ্ট্রে ইসকন নিষিদ্ধ। অতীতে রাজনৈতিক দলের নেতাদের গ্রেপ্তার করে মাথা ফাটিয়ে দেওয়া হয়ছিল, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দেয়নি। মসজিদ রক্ষার জন্য লোক মারা গেছে, তখনো কোনো বিবৃতি নেই। ভারত থেকে বিবৃতি দিয়ে বলা হলো, চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক। তখনই আক্রমণাত্মক হয়ে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করা হলো। খুবই বিভীষিকাময়। এদের (ইসকন) কার্যক্রম খুবই বিশৃঙ্খল ও উচ্ছৃঙ্খল। তাই এখন যদি এদের নিষিদ্ধ না করা হয়...।’

‘এই মুহূর্তে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না’

আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, ‘রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে, এটি উনাদের দায়িত্ব। আমাদের জানমালের দায়িত্ব রাষ্ট্রের। উনারা দেখছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। সুতরাং, এখানে এই মুহূর্তে আদালতের ইন্টারভেনশনের (হস্তক্ষেপ) প্রয়োজন পড়ে না। রাষ্ট্র কাজ করে যাচ্ছে। আমরা আছি সাথে, জনগণের সাথে আছি।’


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ